
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়ায় পাল্টা ধাওয়া শিবিরের কলেজ সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। এক পর্যায়ে মিছিল দুটো মুখোমুখি অবস্থান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পক্ষ অন্য পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষকালে যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলা বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন যাবত উত্তেজনা ছিল। আজ দুই পক্ষ একই সময় নবীনদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পথচারী আঘাত পান। পরে ছাত্রদল স্থানীয় জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতারা। স্থানীয় বাসিন্দারা জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। পৃথক নবীনবরণ মিছিলকে ঘিরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক ও ছাতক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানচলাচল স্বাভাবিক হয়।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার পর এলাকায় কিছুসময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








