রোভার স্কাউট
রৌমারীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরি নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ৫ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নিয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুল হাসান আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

কাব স্কাউটদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী অর্জন, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে ক্যাম্পুরিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম, শারীরিক কসরত, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাব স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হয়ে ওঠার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পায়।

উপজেলা কাব ক্যাম্পুরির সভাপতি ও ইউএনও মো. মাহাবুবুল হাসান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।’

ক্যাম্পে অংশ নেয়া কাব স্কাউটরা বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে উঠবে।

আয়োজকরা জানান, কাব স্কাউটদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই উপজেলা পর্যায়ে এ ক্যাম্পুরির আয়োজন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ক্যাম্পুরির সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।