মৃত্যু
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি ও পাঁচ বছরের নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার নাতনি শিশু আদিবা (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোতালেবের বাড়ির পাশের পুকুরপাড়ে একটি ভিমরুলের বাসা ছিল। বৃহস্পতিবার সকালে শিশু আদিবা সেখানে গেলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। শিশুটিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার নানি সুমরি বেগমও ভিমরুলের কামড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই শিশু আদিবার মৃত্যু হয়। গুরুতর আহত সুমরি বেগমকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরপাড়ে ভিমরুলের বাসা থেকেই এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ বাড়িতে রাখা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, শিশুটির মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে আদিবা নানার বাড়িতে থাকত। নানি-নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।