
ভোলার লালমোহনে টিউবওয়েল নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মাসুম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ ঘটিকায় লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাসুম দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোশাররফের ছেলে।
সহকর্মী নির্মাণ শ্রমিক সজিব জানান, টিউবওয়েল নির্মাণের সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দেয়ার জন্য তারের কাজ করছিলেন মাসুম। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে লিকেজ থাকার কারণে সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’








