
সুনামগঞ্জে বাংলাদেশ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ছাতক শাখার উদ্যোগে লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংক ছাতক শাখার সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে ব্যাংকের বর্তমান অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অনতিবিলম্বে পদত্যাগ বা অপসারণ এবং স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে এবং মূল উদ্যোক্তা আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
ব্যাংকের পরিচালনা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে। ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদের সভাপতিত্বে ও ব্যাংকের গ্রাহক হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, হাজী আলী আসকর সোহাগ, সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান, আলী আমজদ প্রমুখ।








