
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ২৪ দিনে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ২৫১ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া এক হাজার ২৫১ জনের মধ্যে ৮১৫ জন পুরুষ, ৩৭৫ জন নারী ও ৬১ জন শিশু। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
নিহত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের ডেঙ্গু সামারিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১০ জন শিশু।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মাইন উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেয়া হচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। তবে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।








