
সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিক্স, চকলেট, জিরা ও জুস আটক করা হয়। আটক চোরাচালানের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান আটক করা হয়। আটক চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’








