
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের জমি ব্যবসায়ী আবুল হোসেনের (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মুখোশ পরিহিত ১৫ থেকে ১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির কলাপসিবল গেইট ও বসতঘরের দরজা ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশ করে। পরে আবুল হোসেন, তার স্ত্রী রাণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়।
একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও জমির বায়নার সাড়ে তিন লাখ টাকাসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপভ্যানে করে ডাকাতরা ঢাকার দিকে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’








