লাশ উদ্ধার
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ছুরিকাঘাতরে পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশালস্থ ফারুক হোসেন খোকনের বাড়ির ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। 

নিহত শামীম হোসেন শরীয়তপুর জেলার গোসাইরহাট রানীশাহ গ্রামের মরহুম নুরু বেপারীর ছেলে। 

আহত ময়ূরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। তাদের ৩ শিশু সন্তান রয়েছে। দুপুর দেড়টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, শামীম ও তার স্ত্রী ময়ূরী বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। সকাল ১০টার সময় তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দরজার সামনে ময়ূরী বেগমকে গলায় ছুরিকাঘাত করে। তখন গলা ধরে দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যান ময়ূরী বেগম। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামীম।

এ সময় শামীমের মা পাশের ঘর থেকে এসে ডাক-চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ময়ূরীকে ঢাকা মেডিক্যালে এবং শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর সংসারে ফাহিম (১০) এবং দুই মেয়ে ফাতেমা (৪) ও ফিরিস্তা (১) বয়সের তিন সন্তান রয়েছে। কী কারণে শামীম এ ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহত নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।