
ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেট সংলগ্ন পানিতে ভাসমান ড্রাম থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সন্দেহের পর পুলিশ ড্রামটি উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বেগুনবাড়ি এলাকার স্লুইসগেটের কাছে পানিতে একটি ড্রাম ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। ড্রামটি নিয়ে সন্দেহ হলে তারা বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি পানি থেকে তুলে তল্লাশি চালায়। এ সময় ড্রামের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পাওয়া যায়।
পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ওই ব্যক্তিকে হত্যার পর লাশ একটি ড্রামের মধ্যে ভরে পানিতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি কীভাবে সেখানে এলো এবং এর সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








