
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মাছের ড্রামবোঝাই ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি (অজ্ঞাত)।
পুলিশ জানায়, ধীরাশ্রম এলাকায় জয়দেবপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মাছের ড্রামবোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো- ড- ১২-২৯৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।








