বিএনপি, শোকজ
বামে বিএনপি নেতা হাফিজুর রাহমান চুন্নু ও ডানে শোকজ নোটিশ নয়া দিগন্ত

পটুয়াাখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদে মা-ছেলেকে বেতাঘাতের অভিযোগে উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রাহমান চুন্নুকে শোকজ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

ভুক্তভোগীরা হলেন উপজেলার চাকামাইয়া ইউনিয়নের গামুরবুনিয়াা গ্রামে মরহুম বাচ্চু হাওলাদারের স্ত্রী নাজমা বেগম ও তাদের ছেলে জিসান (১২)। শুক্রবার রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাফিজুর একই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক।

শোকজ নোটিশে বলা হয়েছে, ১২ বছর বয়সী এক শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এটিকে অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত বলা হয়েছে।

নোটিশে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে উদ্দেশ করে বলা হয়েছে, উক্ত ঘটনার প্রেক্ষাপটে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

জানা গেছে, মারধরের পর গত চারদিন তারা ভয়ে ঘর থেকে বের হননি। বুধবার সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। 

এর আগে, শুক্রবার রাতে মানিব্যাগ চুরির অভিযোগে জিসান ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা হাফিজুর ও তার ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে। মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।