
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আটজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত আটজনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ছয়জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। তাদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে নয়, চুনারুঘাটে চার, লাখাইয়ে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার ও মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ ও মৌলভীবাজারে ৩৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১৩ জন রয়েছেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।








