
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষক দুই সহোদর শরিফ ও আরিফের বাড়িতে দুই দফায় হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও-নান্দাইল সড়কের কালীবাড়ি চর এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো: আব্দুল কাইয়ুম, মো: আবু সায়েম, মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী, মনিরুজ্জামান দুলাল,কামরুজ্জামান ভূঁইয়া, জয়নালসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ধর্ষণ মামলায় আাসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী প্রবাসী স্ত্রী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক চার আসামিদের গ্রেফতার করে মামলাটির দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানায় তারা।
ঘণটাব্যাপী চলা মানববন্ধনে পুরো এলাকার হাজার হাজার নারী পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা সন্ধ্যায় ধর্ষকদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগে সকালে তিন ধর্ষকের বসতবাড়ি ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে পানি চাওয়ার অজুহাতে পাঁচজন যুবক প্রবাসীর বাড়িতে ঢুকে। এ সময় প্রবাসীর ছেলে পানি নিয়ে আসলে অস্ত্রের মুখে মা ও ছেলেকে জিম্মি করে। ছেলেকে বেঁধে মাকে দলবদ্ধ ধর্ষণ করে। এ ছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর নারীর কাছে আরো টাকা দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
রাতেই ঐ এলাকায় অভিযান চালিয়ে রাজিব নামে একজনকে আটক করে। পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, ‘মামলার আসামিদের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাজিবকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’








