বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান নয়া দিগন্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ কারণে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার যশোর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতাম, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারো ফিরে আসবে বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।’

নৌকা বাইচ আয়োজনের সাথে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।’

যশোর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার প্রমুখ।