
নওগাঁর মান্দায় গীতা পরিবহনের একটি বাসের ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জার ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীতা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি চার্জার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ফারুক হোসেন পাকা সড়কের ওপর পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’








