ডেঙ্গু
খুলনায় ফ্রিতে ডেঙ্গু চিকিৎসার আরো একটি মেডিক্যাল ক্যাম্প চালু নয়া দিগন্ত

ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর ২৫নম্বর ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে প্রশাসক মঞ্জু বলেন, ‘এ এলাকাটি খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আরো একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংক্রমণের হার না কমলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসি কর্তৃক সড়ক ও ড্রেনসমূহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।’ 

তিনি বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অংশ নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ ও নজরুল ইসলাম বাবু এবং সুজানা জলি উপস্থিত ছিলেন।

সেখানে প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন।