ডেঙ্গু
ডেঙ্গু মশার নমুনা। সংগৃহীত

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন করে ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন নয়জন। ফলে একদিনের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪২ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১২ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৯ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে নয়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন চিকিৎসাধিন রয়েছেন।

এদিকে ডেঙ্গুতে চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগমের মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানমের (৫৪) মৃত্যু হয়।