গ্রেফতার
গ্রেফতার আহম্মদ আলী পোদ্দার রতন। নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রতন চন্দ্রখানা খামার এলাকার মরহুম জালাল উদ্দিন পোদ্দারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা করা হয়। ওই মামলায় রতনকে আসামি করা হয়েছে। মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আহম্মদ আলী পোদ্দার রতনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়।’