
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বান্দরবানে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন কার্যক্রম জোরদার করতে পাহাড়, নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের কঠোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত নয়টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগেও জনসাধারণের দুর্ভোগ কমে আসে।’
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এসএম মনজুরুল হক, উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








