গ্রেফতার
গ্রেফতার সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জেলা মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: হাছিনুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো: রফিকুল ইসলামের সাথে গত ১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলেন ফয়সাল। এ সময় জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেন। পরবর্তী সময়েও বিভিন্ন মোবাইল নম্বর থেকে মোবাইল করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে সাথে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে পুনরায় এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

কর্মীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে মারমুখী আচরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। একই সাথে চাঁদার টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেয়া হবে না এবং থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।