সড়ক দুর্ঘটনা
সাদুল্লাপুর থানা। নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের সাথে ভ্যানের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কোহিনুর বেগম (৫৫) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোহিনুর বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা শফি মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কোহিনুর বেগম ভ্যানযোগে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে তরফ বাজিত (মাঝপাড়া) নামক এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুরের সাথে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ভ্যানের যাত্রী কোহিনুর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি।’