জামায়াত
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জামায়াতপ্রার্থী দেলাওয়ার হোসেন নয়া দিগন্ত

ঠাকুরগাঁওকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘আমাদের উত্তর জনপদের জেলা ঠাকুরগাঁও, দেশের অন্য জেলার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ অর্থনৈতিক দিক দিয়ে আমাদের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাই নাগরিক অধিকার ও কাঙ্ক্ষিত সেবা থেকেও আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁওকে একটি উন্নত জনপদ হিসেবে এগিয়ে নিতে চাই।’

সকল প্রকার দল ও মতের ঊর্ধ্বে এলাকা এবং এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন উল্লেখ করে দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান। যাকে যেভাবে প্রয়োজন সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করি। তাদের পাশে থাকার চেষ্টা করি। এই দেশটা আমাদের সকলের, আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশী। এখানে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই।’

সোমবার উপজেলার জামালপুর, রহিমানপুর ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেন দেলাওয়ার হোসেন। এ সময় উপজেলার জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।