শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে যুবকের লাশ উদ্ধার
শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া ললিয়ারপাড় এলাকায় আবুল কাসেমের মাছের প্রজেক্ট (পুকুর) থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া বাড়ি থেকে বের হন। রাতে বাদশা মিয়া বাড়ি ফিরলেও কালু মিয়া ফিরেননি। সোমবার পরিবারের সদস্যরা বাদশা মিয়াকে সাথে নিয়ে খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে কুড়িকাহনিয়া ইউনিয়নের ললিয়ারপাড় গ্রামের আবুল কাসেমের মাছের প্রজেক্টে (পুকুর) কালু মিয়ার লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।