
কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’







