ডেঙ্গু
আনোয়ারায় পল্লী চিকিৎসকদের ডেঙ্গু প্রতিরোধবিষয়ক কর্মশালা নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় পল্লী চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ডি.এইচ. মনসুরের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক মন্টু মোহন নাথ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর (অ্যাডমিন) মোহাম্মদ জোনাব আলী।

কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ডা: রাশেদুজ্জামান মন্ডল। 

তিনি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও বিকেলে কামড়ায়। বর্ষাকালে ও বর্ষার পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে। শিশু ও প্রবীণসহ সবাই এ রোগের ঝুঁকিতে রয়েছেন।

তিনি ডেঙ্গু প্রতিরোধে লম্বা হাতার পোশাক পরা, মশা নিরোধক ব্যবহার এবং মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন।

ডা: রাশেদুজ্জামান মন্ডল আরো বলেন, পেটে তীব্র ব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, বমি বা পায়খানার সাথে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা বা অস্থিরতা এবং প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী চিকিৎসক সজল মিত্র, মো: শফিকুর রহমান ও স্থানীয় সমাজসেবক নুরুল ইসলাম মেম্বার। 
এ ছাড়া পল্লী চিকিৎসক আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, আবুল খায়ের, সরওয়ার আলম, মো: সেলিম, মনজুরে আলা সনেট, দিদারুল ইসলাম, শাহাব উদ্দীন, জিয়াউল হক ও জসীম উদ্দীনসহ স্থানীয় পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেয়া পল্লী চিকিৎসকরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।