
জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও টর্চলাইটসহ ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে নয়ানগর ইউনিয়নের উত্তর মেঘারবাড়ী জামে মসজিদ এলাকার সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী ফকিরপাড়া এলাকার জাহিদুল ইসলাম আল আমীন (২৭) ও জামালপুর সদর উপজেলার ধোপাকুড়ি এলাকার দেলোয়ার ফারুক (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। রাত ৩টার দিকে উত্তর মেঘারবাড়ী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন একটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেফতার করে। এ সময় আরো কয়েকজন পালিয়ে যান।
জব্দকৃত সরঞ্জাম: মাথায় লোহার পেরেক লাগানো সবুজ রঙের একটি প্লাস্টিকের পাইপ, দুটি লোহার রডের টুকরো, প্লাস, সেলাই রেঞ্চ, ডাল রেঞ্চ, অতিরিক্ত ব্যাটারিসহ একটি টর্চলাইট ও পুরোনো একটি মোটরসাইকেল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’







