গ্রেফতার
বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ নারী গ্রেফতার নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬ পিস ইয়াবাসহ মাকসুদা বেগম (৩১) নামে এক নারীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত শংকুচাইল এলাকায় জনৈক রানার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বুড়িচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কুমিল্লার একটি দল এবং বুড়িচং থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, রানার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মাকসুদা বেগমের হেফাজত থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রানা আগেই পালিয়ে যান। অভিযানকালে বাড়িতে লক্ষাধিক টাকা পাওয়া গেলেও ওই টাকার বৈধ প্রমাণ দেখাতে পারেননি মাকসুদা—এমন তথ্যও জানানো হয়েছে।

অভিযান সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদে মাকসুদা তার স্বামী রানা ও শাশুড়িসহ পারিবারিকভাবে ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে এসব বক্তব্যের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মাকসুদা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুমিল্লার পরিদর্শক নজরুল ইসলাম।