সংক্ষিপ্ত সংবাদ


ধামরাইয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প 
ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম খান মেডিক্যাল সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা দেন। এতে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ চিকিৎসা নেন। ক্যাম্পটির আয়োজন করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম খান সেলিম। আয়োজক বলেন, গ্রামের অনেক দরিদ্র মানুষ এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের কথা বিবেচনা করেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসার সুযোগ বাড়ায়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

কীটনাশক পান করে কিশোরের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ধানক্ষেতে ব্যবহারের জন্য রেখে দেয়া কীটনাশক পান করে রাহুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের লাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহুল ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।

উপজেলা পরিষদ গেট অন্ধকারাচ্ছন্ন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটের সড়কবাতি দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এত দিনেও নতুন লাইট স্থাপন না করায় সন্ধ্যার পর গেট ও আশপাশের এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং উপজেলা পরিষদে আিসা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথে বৈদ্যুতিক লাইট নষ্ট থাকলেও তা সচল করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের রাতে চলাচলে সমস্যা হয়। স্থানীয়রা দ্রুত নষ্ট লাইটটি মেরামত অথবা নতুন লাইট স্থাপনের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব লাইট সচল করে দেওয়া হবে। চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।

২০ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
বগুড়ার ধুনট উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার তালবীজ রোপণের কর্মসূচি শুরু করেছে ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’। গত শনিবার শেরপুর উপজেলার রনবীরবালা ঘাট থেকে ধুনটের মাঠপাড়া গ্রাম পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে শেরপুর ও ধুনট উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে নির্ধারিত ২০ হাজার তালবীজ রোপণ করা হবে। কর্মসূচিতে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বর্ণ বিলাস পাঠাগার ও সংগ্রহশালা, লাল ভালোবাসা এবং ধুনট সেন্ট্রাল লাইব্রেরি। সমন্বয়কারী আঁখিনূর জামান বকুল বলেন, ২০১৬ সাল থেকে তারা তালবীজ রোপণ করে আসছেন। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলা এবং বিলুপ্তপ্রায় তালগাছ রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। বগুড়া অফিস।

দৌলতদিয়ায় পার্কিং করা বাসে আগুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের কেউ কেউ দুষ্কৃতকারীদের আগুন দেয়ার আশঙ্কা করছেন। গোয়ালন্দ থানার ওসি মো: সফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা।

নড়াইলে মাদকবিরোধী ফুটবল ম্যাচ
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক ও অনলাইন জুয়ার আগ্রাসনবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির আয়োজনে এ খেলায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের মিলনমেলা বসে। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে এ উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আল ফয়সাল খান। ৭০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোপালগঞ্জের শিপন ফুটবল ট্রেনিং সেন্টার ১-০ গোলে খুলনার রূপক স্মৃতি ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোপালগঞ্জ দলের গোলরক্ষক পলক ম্যান অব দ্য ম্যাচ হন। আয়োজক জুবায়ের সিদ্দিকী রিফাত বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নড়াইল প্রতিনিধি।

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন 
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী সুমা বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী খলিল হাওলাদার (৩০) ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় সুমার বড় ভাই হারেছ সিকদারকে হাতুড়িপেটা করে গুরুতর আহত এবং তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। হারেছ সিকদার এ ঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর আগে সুমার সঙ্গে খলিলের বিয়ে হয়। সম্প্রতি খলিল দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ সেপ্টেম্বর সুমাকে মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত হাবিব হাওলাদার মারধরের কথা স্বীকার করলেও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ওসি খন্দকার মো: সোহেল রানা বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মুলাদী (বরিশাল) সংবাদদাতা।

সুন্দরগঞ্জে বোমা বিস্ফোরণ, আতঙ্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল রোববার ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানান, ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা’র বাড়ির গেটের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। দুই মিনিট পর গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে এবং এর দুই মিনিট পর বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ সেøাগান শোনা গেছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ খোসা উদ্ধার করেছে। সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।