ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্য জুবাইদুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের ডাকাতদল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে আলমারি খুলে স্বর্ণালঙ্কার ও গাড়ি বিক্রির নগদ টাকা নিয়ে যায়। ডাকাতরা দীর্ঘ সময় ধরে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।
বাড়ির কর্তা খোরশেদুল আলম বলেন, ডাকাতরা ঘরে ঢুকেই তার স্ত্রী ও ছেলের বউকে মারধর করে। বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে সবাইকে হাত-মুখ বেঁধে ডাকাতি করে তারা।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে একই এলাকায় দুই মরিচ ব্যবসায়ীর গাড়ি থামিয়ে দুই লাখের বেশি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।