চৌগাছায় ১২ সার ডিলার নিয়োগে আবেদন ১৬৫

 চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় ১২টি সার ডিলার ইউনিটের বিপরীতে ১৬৫টি আবেদন জমা পড়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় নতুন করে এসব ডিলার নিয়োগে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে গুরুত্ব বেড়েছে।
কৃষকের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে গত ৩১ আগস্ট নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর। উপজেলা কৃষি সম্পপ্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নে সর্বোচ্চ ২১টি আবেদন পড়েছে। এ ছাড়া পাশাপোলে ২০, স্বরূপদাহে ১৮, ফুলসারে ১৭, চৌগাছা সদরে ১৫, সুখপুকুরিয়ায় ১৪, সিংহঝুলীতে ১২, পৌরসভায় ১২, জগদীশপুরে ১০, ধুলিয়ানী ও পাতিবিল ইউনিয়নে ৯টি করে এবং হাকিমপুরে আটটি আবেদন জমা পড়েছে।
আবেদনকারীদের যোগ্যতা, নির্ধারিত স্থানে গুদাম ও ব্যবসা পরিচালনার সক্ষমতা এবং কৃষকদের কাছে সার সরবরাহের বাস্তব সক্ষমতা যাচাইয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিসাত ইসলামকে প্রধান করে গঠিত কমিটি ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শেষ করেছে।
এ দিকে সার ডিলারশিপে এত বিপুলসংখ্যক আবেদন পড়ার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে ব্যবসায়িক সম্ভাবনার পাশাপাশি ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, আবেদন গ্রহণ শেষ হয়েছে। নীতিমালা অনুযায়ী মাঠপর্যায়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। পরবর্তী কার্যক্রমও নীতিমালা অনুযায়ী সম্পন্ন করা হবে।