জামায়াতে ইসলামী
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দেলাওয়ার হোসেন নয়া দিগন্ত

সাধারণ মানুষের সেবা করা, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্নভাবে তাদের সাহায্য-সহযোগিতা করা আমার রাজনীতির বড় লক্ষ্য-উদ্দেশ্য। যে রাজনীতি অসহায়ের পাশে থাকে না, যে রাজনীতি অসহায়কে কাছে টানে না, সে রাজনীতি আমি করতে চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়া গ্রামে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

পঞ্চায়েতপাড়ার বৃদ্ধ জসিম উদ্দিন (৯১) ও কবিরাজপাড়ার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে নিজ উদ্যোগে একটি করে হুইলচেয়ার প্রদান করে দেলাওয়ার হোসেন বলেন, ‘আমাদের সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে, তারা ঠিকমতো জীবনযাপন করতে পারে না। অনেকে বৃদ্ধ, প্রতিবন্ধী অবস্থায় কষ্ট করছে। আমরা যারা সামর্থ্যবান রয়েছি, আমাদের উচিত যার যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। আমাদের ছোট্ট একটি সহযোগিতা তাদের জন্য অনেক বড় উপকার বয়ে আনতে পারে। তাই আমরা আমাদের চারপাশের মানুষগুলোর খোঁজখবর রাখব।’

এ সময় জামায়াতের রুহিয়া উপজেলা আমির আব্দুর রশিদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।