গ্রেফতার
গ্রেফতার সিয়াম, মোজাম্মেল, কামরুল ও সাইফুল (বাঁ দিক থেকে) নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার চার অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো: কামরুল হাসান ও সিয়াম।

রোববার (২০ সেপ্টেম্বর) তাদের কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘চাঞ্চল্যকর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন। নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তা করার জন্য তিন ঘণ্টা সময় দিয়েছেন। এরপর তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।

এর আগে পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সাথে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। 

পুলিশের দাবি, অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই তাকে কৌশলে ওই নির্জন স্থানে নেয়া হয়েছিল।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সেখানে অপ্রতিমের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। পরে তাকে হত্যা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।