
নরসিংদীর শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর খোদেজা বেগম (৭২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টানি গ্রামের কাইয়াবাড়ি এলাকার শাফিজ উদ্দিনের মুরগির খামারের ময়লার গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খোদেজা বেগম ওরফে আমেনা জয়নগর ইউনিয়নের জামগড় গ্রামের মরহুম ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোদেজা বেগম প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। পরে তার সন্ধানে খোঁজাখুঁজির একপর্যায়ে মুরগির খামারের ময়লার গর্তে লাশ পড়ে থাকার বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বৃদ্ধার মৃত্যুর পেছনে কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।







