নারীকে ছুরিকাঘাতে হত্যা
নারীকে ছুরিকাঘাতে হত্যা প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে ছোট ভাইয়ের খোঁজে এসে তার বোন সানজিদা আক্তারকে (২৪) ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আমবাগ মধ্যপাড়ায় আতাউর রহমানের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে, হামলাকারীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহত সানজিদা আক্তার বরিশাল সদর থানার উলালবাটনা গ্রামের মোহাম্মদ শাহজাহানের মেয়ে। তার স্বামী জুয়েল রানা ওমানপ্রবাসী। প্রায় তিন বছর ধরে সানজিদা ওই বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের ভাবী সাথী বেগম জানান, রোববার বেলা ১১টার দিকে এক ব্যক্তি বাসায় এসে সানজিদার ছোট ভাই সাজ্জাদের খোঁজ করেন। সাজ্জাদকে না পেয়ে ওই ব্যক্তি চাকু দিয়ে সানজিদার বুকে আঘাত করেন। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।

নিহতের ছোট বোন সুরভী আক্তার জানান, এর আগে তাদের পাশের কক্ষে রাজু নামে এক যুবক ভাড়া থাকতেন। তিনি প্রায়ই সানজিদার সাথে ফোনে কথা বলতেন।

সুরভীর দাবি, শনিবার রাতেও রাজু তাদের বাসায় এসেছিলেন। পরদিন সকালে সানজিদাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজুর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত করেনি।

ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।