এডিস মশা
এডিস মশা ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। 

রোববার (২০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ ডেঙ্গুরোগী ১৪ জন শনাক্ত হয়েছেন। একদিনের ব্যবধানে আরো ১৪ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত এখন ৩২৫ জন।

গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ১৪ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে এক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচজন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত ৩২৫ জনের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৩৬ জন, সুনামগঞ্জে ৭৩, সিলেটে ৬৮ ও মৌলভীবাজারে ৩৬ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১২ জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।