
মুন্সীগঞ্জে ডিবি ও থানা পুলিশের পৃথক দুই অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সিরাজদিখানে ডিবি পুলিশের অভিযানে দুইজন এবং লৌহজংয়ে থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের সোহাগ শেখ (৩৭), সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামের আয়নাল হক বাবু (৩৭) এবং লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের মো: পাপ্পু (২৩)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সিরাজদিখান থানার মালখানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগ শেখ ও আয়নাল হক বাবুকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো: পাপ্পুকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
জানা গেছে, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







