নির্বাচন
নির্বাচনে বিজয়ী সাংবাদিকরা নয়া দিগন্ত

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ১৫টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১২ জন বিজয়ী হয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এই দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। 

নির্বাচনে দৈনিক যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি ও দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নতুন ৩৭ জনসহ  মোট ভোটার সংখ্যা ছিল ১২১ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১৮ জন। এরমধ্যে তিনটি ভোট বাতিল হয়। বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরোয়ার হোসেন ও আনোয়ারুল কবীর নান্টু।

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রার্থী নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ৪১ সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হয়েছেন শহিদ জয় (৯৬), রফিকুল ইসলাম (৯২), গালিব হাসান পিল্টু (৮১), মুর্শিদুল আজিম হিরু (৭৯), এস এম সোহেল (৬২) ও তৌহিদ জামান (৫৯ ভোট)। এ পদে পরাজিত দুই প্রার্থী হলেন-সফিকুল আলম (সফিক সায়ীদ) ও আব্দুল ওয়াহাব মুকুল। তারা ভোট পেয়েছেন যথাক্রমে  ৫৪ ও ৪৮।

নির্বাচন পরিচালনা কমিটিতে অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল সদস্য সচিব ও রেজাউল করীম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।