মাদারীপুরে টিউমার অপারেশনে পায়ের রগ কেটে ফেলার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পায়ের গোড়ালির টিউমার অপারেশন করতে গিয়ে পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় আনু বেগম (৫৫) নামে এক রোগীর স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিচার দাবি করেছেন। তবে অভিযুক্ত চিকিৎসক দাবি করেছেন, পরীক্ষার রিপোর্টে ভুল থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
স্বজনরা জানান, পায়ে ব্যথা নিয়ে আনু বেগম মাদারীপুর সদর উপজেলার চর কালিকাপুর গ্রামের বাড়ি থেকে শহরের নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালে চিকিৎসক ডা: মাহমুদুল হাসান মাসুমের পরামর্শ নেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত শুক্রবার সকালে তার পায়ের গোড়ালির টিউমার অপারেশন শুরু হয়।
স্বজনদের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসক ব্যর্থ হন এবং এ সময় পায়ের রগ কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে একই প্রতিষ্ঠানের চিকিৎসক ডা: রুহুল আমিন চয়নের নেতৃত্বে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। প্রায় তিন ঘণ্টা পর তাকে বেডে নেয়া হয়।
রোগী আনু বেগম বলেন, তিনি হেঁটে ক্লিনিকে এসেছিলেন। অপারেশনের পর ভবিষ্যতে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কিত।