সংক্ষিপ্ত সংবাদ

পিস্তল ঠেকিয়ে বৃদ্ধকে হত্যার হুমকি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সম্পত্তি জোর করে লিখে নেয়ার জন্য মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুল আউয়াল গতকাল শনিবার দুপুরে মেয়ে নাজমা, জামাতা সিদ্দিকুর রহমান এবং নাতি ফয়সাল ও ফরহাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, আসামিরা কিছুদিন ধরে সম্পত্তি লিখে দেয়া এবং মোটা অঙ্কের টাকা দাবির জন্য মানসিকভাবে চাপ প্রয়োগ করে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে এবং আউয়ালকে পিস্তল ঠেকিয়ে দ্রুত সম্পত্তি লিখে না দিলে মেরে ফেলার হুমকি দেয়। রাজি না হওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বাধা দিলে বৃদ্ধকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। একই সাথে ভবনের ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখানো হয়। অসুস্থ আউয়াল নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

নালিতাবাড়ীতে ভারতীয় মদ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ৩৯ বিজিবি। অভিযানে উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য এক লাখ টাকা। বিজিবি জানায়, সীমান্তে সব ধরনের সীমান্ত অপরাধ ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল সরবরাহ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা।

পাচারকালে সরকারি চাল উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে পাচারের সময় স্থানীয়দের সহায়তায় ১১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার ২ নং বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা এই চাল মূলত অসহায় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। সূত্র জানায়, গুদামের অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের যোগসাজশে চাল পাচার করার সময় গ্রামবাসী টের পেয়ে ধাওয়া দিলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ইউএনও আমিনা খাতুনের নির্দেশে এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি ও মোহনগঞ্জ সংবাদদাতা।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি 
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষ ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সরকারি নির্দেশনার আলোকে তিন মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। বন্দর চেয়ারম্যান জানান, মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত মশক নিধনে আগামী তিন মাস প্রতি শনিবার বিশেষ অভিযান চলবে। পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা।

সেরা ইউএনও নাদির হোসেন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সাফল্য বিচারে গত ১৮ সেপ্টেম্বর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। একই মূল্যায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইউএনও ফয়সাল আহমেদ দ্বিতীয় এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইউএনও সুমন চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ও নির্ভুল নিবন্ধন সেবা নিশ্চিত করে মদন উপজেলা বিভাগে শীর্ষে উন্নীত হয়। ইউএনও নাদির হোসেন শামীম জানান, এটি দলগত প্রচেষ্টার ফল এবং এমন স্বীকৃতি জনসেবায় তাদের দায়িত্ব ও কাজের প্রতি নিষ্ঠা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। মদন (নেত্রকোনা) সংবাদদাতা।

চোরাই মালামাল ও অস্ত্র উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চোরাই মালামাল, তার, অ্যালুমিনিয়াম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে রিহাদ শেখ (২৩) নামে এক তরুণকে আটক করা হয়েছে। গত শুক্রবার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ এলাকায় এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ভাঙারি ব্যবসায়ী বিল্লালের বাড়ি থেকে ৩৭ কোরের ৭০ কেজি তার, অ্যালুমিনিয়াম ও লোহার সামগ্রী জব্দ করে। একই সাথে ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ি থেকে চারটি রামদা উদ্ধার করা হয় এবং তার ছেলেকে আটক করা হয়। পুলিশ সুপার জানান, চুরির সাথে কারা সরাসরি জড়িত এবং এগুলো সরকারি সম্পদ কি না তা খতিয়ে দেখে আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাটের গুরুত্বপূর্ণ মোড়, স্কুলের চারপাশ ও নির্জন স্থানে সন্ধ্যার পর এদের দলবদ্ধ আড্ডা, উচ্চশব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং তুচ্ছ কারণে বিরোধে জড়িয়ে সাধারণ পথচারীদের উত্ত্যক্ত করার নানা অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, পারিবারিক নজরদারির অভাব, স্মার্টফোনের অপব্যবহার এবং পর্যাপ্ত খেলাধুলার সুযোগ না থাকায় তরুণ সমাজ অপরাধপ্রবণ হয়ে উঠছে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এসব ছোট অপরাধ থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।  চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।

কুকুরের কামড়ে আহত ১১
কুষ্টিয়া শহরে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব চরম আকার ধারণ করেছে। গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের মডেল থানা ও প্রধান ডাকঘর এলাকাসহ বিভিন্ন মোড়ে কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গুরুতর আহত কুমারখালীর এক বৃদ্ধকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করে বাড়ি পাঠানো হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে দলবদ্ধ কুকুরের অবাধ চলাচলে সাধারণ নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান জানান, হাইকোর্টের রিট আদেশের কারণে বর্তমানে কুকুর নিধন বন্ধ রয়েছে, তবে নাগরিকদের সুরক্ষায় পৌরসভার পক্ষ থেকে হাসাপাতালে বিনামূল্যে ভ্যাকসিনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি।