নাজিরপুরে মরহুম মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের সাঁচিয়া গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মন্টু বিশ্বাসের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ অমর বিশ্বাস ও তার ছেলে সুমিত বিশ্বাসসহ স্থানীয় একটি মহলের বিরুদ্ধে দখলচেষ্টা, গাছপালা কেটে ফেলা, গালিগালাজ করা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করছেন মুক্তিযোদ্ধার স্ত্রী সুবালা বিশ্বাস। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। 
সুবালা বিশ্বাস জানান, ১৯ শতাংশ জমির ওপর সরকারি বরাদ্দে ‘বীর নিবাস’ নির্মাণ করে স্বামী মন্টু বিশ্বাস পরিবার নিয়ে বসবাস করতেন। সম্প্রতি তিনি মারা যাওয়ার পর চার মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। তার ছোট মেয়ে প্রতিবন্ধী। স্বামী জীবিত থাকাকালেও প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করত। এখন স্বামীর মৃত্যুর পর হয়রানি আরো বেড়ে গেছে।
সুবালা বিশ্বাসের অভিযোগ, প্রতিপক্ষ বিভিন্ন সময় বহিরাগত লোকজন এনে বসতভিটা দখল ও গাছপালা কাটার চেষ্টা করছে। তার মেয়ে-জামাতাকে ডেকে নিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। রাতের বেলা বাড়ির জানালা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় কয়েকজন প্রতিবেশীও পরিবারটির ওপর হয়রানি ও হুমকির অভিযোগের কথা স্বীকার করেন। তারা বলেন, মন্টু বিশ্বাসের মৃত্যুর পর তাদের প্রতি অত্যাচার যেন আরো বেড়ে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অমর বিশ্বাস বলেন, তারা কারো ওপর জুলুম করেনি। বরং মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনই তাদের ওপর হয়রানি করছে। 
নাজিরপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।