
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ‘বিএনপি সরকার গঠনের পর ব্যবসা-বিনিয়োগের সুযোগ প্রসারিত হয়েছে। মানুষের মাঝে নতুন উদ্যম সৃষ্টি হয়েছে। ফলে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়তে শুরু করেছে।’
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর পয়েন্টে স্বাদ অ্যান্ড কোং-এর নতুন আউটলেট উদ্বোধনকালে এই কথা বলেন।
ড. এনামুল হক আরো বলেন, ‘স্বাদ নতুন আউটলেট চালুর মাধ্যমে প্রমাণ করেছে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে, যা অতীতে অনেকটাই সংকুচিত ছিল। বিনিয়োগের পরিবেশ যত সম্প্রসারিত হবে দেশের অর্থনীতি তত সচল হবে। বিএনপি সরকার ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি যুবকদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা জানান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিএনপির সিলেট জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও আলিম ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলিমুল এহসান চৌধুরী, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও স্বাদ অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আলম, সিলেটি নাট্য অভিনেতা ও সিসিক নির্বাচনে মেয়রপ্রার্থী বেলাল আহমেদ মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা ফিতা ও কেক কেটে আউটলেটটি উদ্বোধন করেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনকালে মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন, ‘বিএনপি সরকার ব্যবসাবান্ধব সরকার, যার নজির গত মাত্র ছয় মাসে জনগণ প্রত্যক্ষ করেছে। যুদ্ধ-পরিস্থিতির মধ্যেও পলাতক সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্বাভাবিক পরিস্থিতিতে নেওয়ার চেষ্টায় রয়েছে সরকার। এই কয়েক মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সেটা প্রমাণ করতে সক্ষম সরকার।’
বক্তব্যে ড. নুরুল ইসলাম বাবুল বলেন, ‘বালুচরের মতো জায়গা একসময় সন্ত্রাস ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে থাকায় কেউ এখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার সাহস পায়নি। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ব্যবসার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাদ তাদের নতুন আউটলেট চালু করেছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সে ব্যাপারে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রসঙ্গত, সিলেটের বালুচর পয়েন্টে প্রথম এ ধরনের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এমসি কলেজ হোস্টেলের শিক্ষার্থী কিংবা এই এলাকার মানুষের ভালো-মন্দ কিনতে টিলা গড় কিংবা শাহী ঈদগাহ এলাকায় যেতে হতো। তাদের সুবিধার কথা চিন্তা করে ঠিক পয়েন্টে এই ব্যবসা শুরু করেছে স্বাদ।
স্বাদের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম ভোক্তাদের জন্য সুস্বাদু ও নিরাপদ খাদ্য সরবরাহে তাঁর কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







