গ্রেফতার, আসামি
ইয়াবাসহ গ্রেফতার আসামিরা নয়া দিগন্ত

ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ বাসের দুই সহকারীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ ইয়াবার বাজারমূল্য ২৪ লাখ টাকা।  

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) ও কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। তারা দুজন ঢাকাগামী বাসে সহকারীর আড়ালে দীর্ঘ আট বছর মাদকের চালান আনা-নেয়ার কাজ করছেন।
 
ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে শনিবার দুপুরে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের সামনের সিটে বসা ইয়াকুবের হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। তারা দুজন বাসের হেলপারের আড়ালে দীর্ঘদিন মাদকের চালান বহন করে আসছেন।
 
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে মামলা হয়েছে। এর আগে ২০১৮ সালে ইয়াকুবের নামে সদর থানায় মাদকের মামলা হয়।