মাদকবিরোধী অভিযান, মাদককারবারি, গাঁজা, গ্রেফতার
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারির স্ত্রী তাহমিনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

গ্রেফতার তাহমিনা আন্তঃজেলা মাদককারবারি মো: কবির হোসেনের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টিসহ মোট ১১টি মামলা রয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়ায় কবিরের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ওই ঘর থেকে বিভিন্ন আকারের ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কবিরের স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির কৌশলে পালিয়ে যান। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রতি কেজি ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পলাতক কবির একজন আন্তঃজেলা মাদককারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ও তার স্ত্রীসহ অন্য মাদককারবারিদের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে স্থানীয় খুচরা মাদককারবারিরদের মাধ্যমে বিক্রি করতেন। কবিরের সাথে জড়িত অন্য মাদককারবারিরদের শনাক্ত করে গ্রেফতার ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের পাশাপাশি জিহাদ ঘোষণা করেছি। কোনো মাদককারবারিকে ছাড় দেয়া হবে না। মাদককারবারির পাশাপাশি মাদকসেবী ও মাদক বহনকারীদেরও নিয়মিত গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’

পুলিশ সুপার বলেন, ‘মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে। মাদকের সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের চালান ও সরবরাহের উৎস বন্ধে পুলিশ কাজ করছে।’