
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ও শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাস্তার পাশ থেকে গাছ কেটে রাত ৩টার দিকে সঙ্ঘবদ্ধ ডাকাত দল রাস্তায় ব্যারিকেট তৈরি করে। এ সময় একটি পিকআপ ভ্যান ও দু’টি সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতরা চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন হাতিয়ে নেয়।
খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে একই স্থানে একই কায়দায় একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ডাকাতি হয়।
স্থানীয়রা আরো জানায়, এই স্থানে গত এক বছরে অন্তত ১০-১২ বার এমন ডাকাতির ঘটনা ঘটেছে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা জানান, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ যাওয়ায় ডাকাতি করতে পারেনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।







