
১১ দলীয় জোটের ঢাকা টু রংপুর লংমার্চে ঠাকুরগাঁও জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে ৫৮টি গাড়ি নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ৫০টি বাস, চারটি মাইক্রোবাস ও চারটি প্রাইভেটকার রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে লংমার্চের উদ্দেশে যাত্রা শুরু হয়।
রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত লংমার্চ পরবর্তী সমাবেশে যোগ দিবেন লংমার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। প্রথম দফায় ঢাকা টু চট্টগ্রামের পর দ্বিতীয় দফায় আজ ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।
উত্তরাঞ্চলের অন্য জেলার মতো ঠাকুরগাঁও থেকে লংমার্চে সফল অংশগ্রহণের লক্ষ্যে পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে জামায়াতসহ ১১ দলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ অন্য নেতারা ঠাকুরগাঁও সফর করে স্থানীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘১১ দলের ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি সফল করতে ঠাকুরগাঁও জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। ৫০টি বাস, চারটি মাইক্রোবাস ও চারটি প্রাইভেটকার যোগে আমরা রংপুরের লংমার্চে ও সমাবেশে অংশ নিচ্ছি।’







