সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন নয়া দিগন্ত

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির রাজনীতি সব মানুষকে নিয়ে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অভাব-অভিযোগ থাকবে না। আগামী প্রজন্ম মাথা উঁচু করে বিশ্বে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে পারবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জের ৯ নম্বর কুশদহ ইউনিয়ন পরিষদে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণে মানুষের পরিচয় ভিন্ন হলেও সবাই মানুষ। তাই বৈষম্য ও নির্যাতন নয়, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সবাইকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসীদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি আদর্শে বিশ্বাসী কাউকে দলের সদস্য হওয়ার ক্ষেত্রে অযথা বাধা দেয়া উচিত নয়।’

মতবিনিময় সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।