এডিস মশা
এডিস মশা। প্রতীকী ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় বিভাগে চার ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৩০৫ জন। একদিনের ব্যবধানে নতুন ছয়জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩১১ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দু’জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩১১ জনের মধ্যে সিলেটে ৬৬, সুনামগঞ্জে ৭০, হবিগঞ্জে ১৩৩ ও মৌলভীবাজারে ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছলিমা বেগমের (৬০) মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) মারা যান। আর গত ২ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খানমের (৫৪) মৃত্যু হয়।