নিহত, সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি। ছবি: নয়া দিগন্ত

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় কামরান আহমদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল আসা যাওয়া রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরান আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে।

তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, সিলেট শহর থেকে মোটরসাইকেলে (সিলেট-হ ১৪-৯০৬৮) করে বাড়ি যাচ্ছিলেন কামরান। দরবস্ত শ্রীখেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের বেপরোয়া গতির পর্যটকবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, নিহত কামরান আহমদকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে।