
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) তাদের হস্তান্তর করে। পরে সন্ধ্যায় বিজিবি তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বাসিন্দা আব্দুল জলিল ও মোজাফফর হোসেন। অপরজন মানিকগঞ্জ জেলার সিংগাইরের বাসিন্দা শারমিন আক্তার।
পুলিশ জানায়, তিন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়। তাঁরা সেখানে ৩৩ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। আইনগত প্রক্রিয়া শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘বিজিবি তিন বাংলাদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনগত যাবতীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে বিজিবির বক্তব্য জানতে চেয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়কের মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হলে তার উত্তর পাওয়া যায়নি।







